আটপাড়ায় বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু
সামান্য বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আল মামুন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে আল মামুন গরুর জন্য বাড়ির সামনে ঘাস কাটতে যান। সকাল আনুমানিক ৯টার দিকে হঠাৎ বজ্রাথাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মৃত মামুনের পরিবারের বরাত দিয়ে জানান, মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে আল মামুন সদ্য অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষে বাড়িতে থাকায় অবসর সময়ে তাদের গবাদিপশু দেখভাল করে আসছিলেন তিনি।
এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রাঘাতে মারা যাওয়া শিক্ষার্থীর মরদেহ দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা