মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৫ মুখ, রাতে শপথ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় আরও পাঁচজন যুক্ত হতে পারেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের। তাদের মধ্যে মঈন খান, পার্থ ও সাচিং প্রু মন্ত্রী এবং শামীম কায়সার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ইউএনবিকে বলেন, আজ নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কতজন বা কারা শপথ নেবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে বলেন, সন্ধ্যায় কয়েকজন নতুন মুখ শপথ নিতে পারেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য এবং ১,২০০-এর বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে পরিবর্তনসহ বড় ধরনের রদবদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ১ জুন পদত্যাগ করেন। এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)