খুলনায় জোড়া খুন, গোপালগঞ্জ থেকে আরও দুই আসামি গ্রেপ্তার
খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদরকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (২৩ আগস্ট) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে টুঙ্গিপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজন লবণচরা থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় হরিণটানা আশীবিঘা এলাকার বালুর মাঠে গুলি ও কোপে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান এলাকা থেকে নাজমুল (১৯) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে একই ঘটনায় জড়িত প্রধান আসামি আলামিন হাসান ওরফে সাইফিসহ দুজনকে গোপালগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। নতুন দুই আসামি গ্রেপ্তারের মাধ্যমে মামলাটির মূল অভিযুক্তসহ চারজনকেই গোপালগঞ্জ অঞ্চল থেকে গ্রেপ্তার করা হলো।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ