ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মেশিন দিয়ে গরুর জন্য ঘাস কাটছিলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনের বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন অমরেন্দ্র। স্বামীর চিৎকার শুনে এগিয়ে এসে স্ত্রী মিনাক্ষী রাণী স্বামীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অমরেন্দ্র ভৌমিক ও মিনাক্ষী রাণী ভৌমিকের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)