ত্রিমুখী সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ২
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বালিয়া ইউনিয়নের বাসিন্দা আনোয়ার (৬০) নামের এক ব্যক্তির পরিচয় জানা গেলেও অপর নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকআপ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও