স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণ করা হবে : ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল ফিডিং কার্যক্রমকে সম্প্রসারণ করা হবে। দেশের ৬৫ হাজার গ্রামেই ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে দেশের সব শিশু স্কুলে যাবে। শিশুরা শিক্ষিত হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন।
স্কুল ফিডিং কার্যক্রম ও প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে স্কুল ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নের এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ