নৌযান থেকে চাঁদাবাজি, এনটিভি অনলাইনে সংবাদ প্রচারের পর আটক ১
কিশোরগঞ্জের ধনু নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে বাবর আলী (৫৫) নামে এক নৌকার মাঝিকে আটক করেছে নৌপুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ইটনা থানার বেতেকা গ্রামের হস্ত ধনু নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবর আলী ইটনা উপজেলার সড়কহাটি এলাকার বাসিন্দা।
নৌপুলিশ সূত্রে জানা যায়, ধনু নদীতে একটি বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে ধনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাবর আলীকে আটক করা হয়। তিনি চাঁদাবাজির কাজে ব্যবহৃত নৌকার মাঝি।
অভিযানকালে ঘটনাস্থলে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্য কাউকে পাওয়া যায়নি। অবৈধ কাজে ব্যবহৃত নৌকার মাঝি হিসেবে বাবর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
ধনু নদীতে বালুবাহী ও মালবাহী বিভিন্ন নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে সম্প্রতি এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরপরই নৌপথে চাঁদাবাজি বন্ধে তৎপরতা বৃদ্ধি ও অভিযান জোরদার করা হয়।
ধনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, নৌপথে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)