কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টার ঘটনার পর রাত ৩টার দিকে সদর দক্ষিণের বিজয়পুর থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।
ওসি বলেন, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই আসামি। থানায় মামলা দায়ের হলে ডিবি অভিযান শুরু করে। রাত প্রায় ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামি গ্রেপ্তারের পর কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করায় আমরা জেলা পুলিশ সুপার ও ডিবি পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধীরা আইনের আওতায় এলে দ্রুতই অপরাধ কমে আসবে।
এর আগে, বুধবার দুপুরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু ও স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক তানভীর দীপু বলেন, বুধবার দুপুরে তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করছিলেন। সড়কে স্থানীয়দের তৈরি লোহার বেরিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
তানভীর দীপু আরও বলেন, যানজটের কারণ জানতে সামনে এগিয়ে গিয়ে তিনি লোহার ব্যারিকেডটি ওপরের দিকে ধরে একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করছিলেন। এ সময় স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছেন এবং মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন- এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন। পরে তাকে রক্ষা করতে সহকর্মী মারুফ এগিয়ে এসে তাদের সরিয়ে নিয়ে যান।
তানভীর দীপু বলেন, এ সময় ওই যুবক কোনো কারণ ছাড়াই রড হাতে নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে ফেরানোর। স্থানীয় লোকজন তাকে নিয়ে যায়। আমরাও আমাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে এসে মারুফের ঘাড়ে রড দিয়ে আঘাত করেন ওই যুবক। এতে তিনি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমিও এগোতে গেলে তিনি আমার ওপরও হামলা করে।

মাহফুজ নান্টু, কুমিল্লা