যমুনা নদীতে গ্রামবাংলার লোকজ নৌকাবাইচ প্রতিযোগিতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে পানসি ও কোষা নৌকাবাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। কোষা নৌকাবাইচে প্রথম হয়েছে আল্লাহ ভরসা, গাবসাড়া। পানসিতে প্রথম হয়েছে নিউ শাড়ির ভিটা।
বেলকুচির মুকুন্দগাতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর তিন দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
প্রতিযোগিতা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম সরকার সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামানিক।
প্রতিযোগিতাকে ঘিরে বেলকুচিতে যমুনা নদীর তীরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সমবেত হয়। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাস আয়োজনটিকে আকর্ষণীয় করে তোলে। গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
তিন দিনব্যাপী ১৮টি পানসি এবং ১৬টি কোষা নৌকায় তিন হাজার বাইছালের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)