ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনারচান-২
বৈঠার ছন্দে ছন্দে নদীর বুকে ছুটছে একের পর এক নৌকা। মাঝিদের কণ্ঠে ‘হেইও হেইও’ ধ্বনি, কাঁশির বাদ্য আর হাজারো দর্শকের করতালিতে মুখর চারপাশ। যেন ফিরে এসেছে গ্রাম-বাংলার চিরচেনা সেই উৎসবের দিন।
শনিবার (৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ। প্রতিযোগিতায় সবকটি নৌকাকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ‘সোনারচান-২’।
কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট এ নৌকাবাইচ। এতে ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ সাতটি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়।
কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার নদীপথ পেরিয়ে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাটে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা।
নৌকাবাইচকে ঘিরে দুপুর থেকেই ইছামতীর দুই পাড়ে জড়ো হতে থাকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। নানা রঙে সাজানো নৌকা আর একই ছন্দে বৈঠা চালানো মাঝিদের প্রতিযোগিতা দেখতে নদীর পাড় যেন পরিণত হয় বিশাল উৎসব স্থলে।
নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, কাঁশির তালে মাঝিদের নাচ-গান আর ‘হেইও হেইও’ ধ্বনিতে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ। নদীর দুই পাড়ের মানুষের করতালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শুধু আশপাশের মানুষই নয়, ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে দূর-দূরান্ত থেকে আসে বিপুল দর্শনার্থী। নদীর পাড় ছাপিয়ে মানুষের ভিড় দেখা যায় আশপাশের সড়ক ও ঘাটগুলোতেও।
ঘিওরের নালী ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন বলেন, ‘চার-পাঁচ বছর পর বাইচ দেখলাম। আজ ভালো বাইচ হইচে। মানুষ আর মানুষ। বৈঠার হেইও হেইও তালে বাইচ মেলা (অনেক) ভালো লাগছে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, নৌকাবাইচ গ্রাম-বাংলার পুরনো ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা বলেন, কয়েক বছর পর ইছামতী নদীতে আবারও নৌকাবাইচ হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে প্রায় অর্ধলাখ মানুষ এই আয়োজন উপভোগ করেছেন বলেও দাবি করেন তিনি।
আয়োজক কমিটির সদস্য ও ব্যাংকার এখলাস উদ্দিন জানান, প্রতিযোগিতায় বিজয়ী নৌকার জন্য ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। এতে ‘সোনারচান-২’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ