মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে ফিরে যান।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২০ জন আহত হন এবং ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা