কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করছিল যমজ দুই বোন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। হঠাৎ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর শিশু দুটিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি এখনও পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেনি। তবে পুলিশ তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা