ভারতের উপকূলে জাহাজডুবি, নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন
ভারতের ওডিশা উপকূলে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ জাহাজডুবির ঘটনায় গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। গত ২০ আগস্টের পর থেকে পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। প্রিয়জনের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই শিশুসন্তান।
নিখোঁজ আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার বাসিন্দা ডা. আব্দুর রহিমের ছেলে। ওই জাহাজে কর্মরত নাবিকদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র বাংলাদেশি।
পরিবার সূত্রে জানা যায়, ২০ আগস্ট সর্বশেষে পরিবারের সঙ্গে কথা বলেন মামুন। পরবর্তীতে ২২ আগস্ট দুপুরে জাহাজডুবির খবর পৌঁছায় তার বাড়িতে। এরপর থেকে মামুনের পাঁচ বছরের মেয়ে মারিফুল জান্নাত ও তিন বছরের ছেলে মোয়াজ আবদুল্লাহ বাবার ভিডিও কলের আশায় প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকছে।
সন্তানের ফেরার অপেক্ষায় কান্নাজড়িত কণ্ঠে মামুনের বাবা ডা. আব্দুর রহিম বলেন, সমুদ্রে থাকলেও ছেলে নিয়মিত কথা বলত। জাহাজটি ডুবে যাওয়ার পর সে জীবিত আছে কি না- সে তথ্যটুকুও তারা পাচ্ছেন না। ছেলেকে দ্রুত উদ্ধারে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও আকুল আবেদন জানান তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সমন্বয় রেখে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)