বাংলাদেশ-ওমানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সালতানাত অব ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ। এ সময় তারা দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান। বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন তারা।
আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ আই মিস ফাতহিয়া আহমেদ আল বালুশি এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক