নওগাঁয় ব্ল্যাকমেইল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নওগাঁয় পূর্বপরিচিত এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনতাই, স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং ২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ হানিট্র্যাপ প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছীর নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) ও বগুড়ার দুপচাঁচিয়ার নাঈম হোসেন (২৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি স্কুলে কর্মরত। গ্রেপ্তার চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই তার মুঠোফোনে পরিচয় ছিল। সেই সুবাদে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথার অজুহাতে ওই শিক্ষককে নওগাঁ শহরের নিজের বাসায় ডেকে নেন মিলি। শিক্ষক বাসায় পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ঘিরে ধরে মারধরের ভয় দেখায়। পরে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি জিম্মি করে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং ২ লাখ টাকার একটি চেকে সই নেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। টানা এক সপ্তাহের অভিযানে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেকটি উদ্ধার করা হয়।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃউপজেলা সক্রিয় ব্ল্যাকমেইলার চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পছন্দের মানুষকে নির্জন স্থানে ডেকে এনে ছবি তোলা, মারধরের হুমকি বা সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আসাদুর রহমান জয়, নওগাঁ