নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর মরদেহ, আটক ৫
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে প্রথম শ্রেণির এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাফি ওই গ্রামের জসিম আকনের ছেলে এবং স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পরিবার জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খেলতে বের হয়ে আর ফেরেনি রাফি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে বাড়ির পেছনের খালে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশ হেফাজত থেকে শিশুটির মামাকে স্থানীয় কয়েকজন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, শিশুটির শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই চেষ্টার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ হিমেল, বাগেরহাট (শরণখোলা)