চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন
দীর্ঘদিন কর্মহীন থাকার পর চাকরি ফিরে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী পাপন। জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে তার চাকরি পুনর্বহালের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে।
পাপন একসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ডাকবাংলোয় দায়িত্ব পালন করতেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন কারণে তিনি চাকরি হারান। চাকরিটি হারানোর পর তার পরিবারটি আর্থিক সংকটে পড়ে। দীর্ঘদিন কর্মহীন অবস্থায় কষ্টে দিন কাটাতে হয় তাকে ও তার পরিবারের সদস্যদের।
পাপনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। পরে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে পাপনের চাকরি পুনর্বহালের ব্যবস্থা করা হয়। এতে দীর্ঘদিন পর কর্মসংস্থান ফিরে পান তিনি।
সম্প্রতি চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম বেতন হাতে পান পাপন। এরপর কৃতজ্ঞতা জানাতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পাপন তাকে সালাম জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
চাকরি ফিরে পাওয়ায় পাপনের পরিবারে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নতুন করে জীবিকা নির্বাহের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাপন ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা বলেন, একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাদের মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)