সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্বের পর কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলি এবং মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ, কৃষিতে চ্যালেঞ্জ এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয়।
বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। তিনি তার বক্তব্যে আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের ওপর আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রপ্তানিমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
কৃষিমন্ত্রী বলেন, এই সরকারই প্রথম মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে। উপস্থিত সকলে মাটি এবং ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করা ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সারের ডিলার নিয়োগে অত্যন্ত স্বচ্ছতা আনয়ন করার চেষ্টা হয়েছে এবং এ লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে।
সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থা অধিকতর জোরদারকরণ ও কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র এবং মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতল এলাকাসহ বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা উৎপাদন, চরের জমিতে ভুট্টা, মিষ্টি আলু, বাদাম চাষ, কৃষিতে সৌরবিদ্যুৎ কাজে লাগানো, কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো, কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানি করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় অধিকতর গতিশীল হয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক