ইয়াবাসহ গাইবান্ধায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৌফিক ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মুকুন্দপুর গ্রামের লেলিন মেম্বারের বাড়ির সামনে হেরিংবন্ড সড়কে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েছের নেতৃত্বে এসআই মমিনুল ইসলাম, এসআই আশরাফ ও এএসআই নাহিদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তৌফিককে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গত রাতের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৌফিকের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)