নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯
নওগাঁয় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে নারী মাদক বিক্রেতাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের মাদকের হটস্পট হিসেবে পরিচিত নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সুইপার কলোনী এলাকার শ্রী মুনি (৪০), খাস নওগাঁ এলাকার শাওন (৪২), বাগবাড়ি পূর্ব পাড়া এলাকার মানিক (৩৮), পাটালির মোড় এলাকার রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার আবির হোসেন (১৯), কোমাই গাড়ি এলাকার মাসুদ রানা (৩২), আনন্দ নগর গ্রামের সিয়াম (১৯), আত্রাই উপজেলার মনোয়ার হোসেন (৪৮) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার রাজু মিয়া (৩২)।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি ও সদর থানা পুলিশ অভিযানে যায়। এ সময় প্রধান মাদক বিক্রেতা শ্রী মুনিকে আটক করে তার কাছে থাকা পলি প্যাক থেকে মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার সহযোগী মানিক ও শাওনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, একই সময়ে প্রকাশ্যে মাদক সেবন ও সাধারণ মানুষের বিরক্তির কারণ (পাবলিক নুইসেন্স) সৃষ্টির অপরাধে অপর ৬ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে তিনি স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ