বহুতল ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় নবনির্মিত সাততলা ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত আল আমিন চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুরের মো. মকুলের ছেলে। তিনি কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আল আমিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভবনের মালিক বাছির উদ্দিন জানান, দুপুরের দিকে সাততলা ভবনে মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি আল আমিন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আল আমিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক