রাজবাড়ীতে টার্মিনালে থাকা বাসে আগুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘নিউ ক্লাসিক’ নামের একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী ওই বাসটিতে আগুন লেগে এর অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে এসে বাসটি রাতে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা হয়েছিল। রাত ১টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে দায়িত্বে থাকা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে জ্বলন্ত বাসটিকে টার্মিনালে থাকা অন্যান্য বাস থেকে দূরে সরিয়ে নেয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও অন্য বাসে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কোনো নাশকতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী