বালতিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে টিউবওয়েলের পাশে রাখা পানিভর্তি প্লাস্টিকের বালতিতে পড়ে মো. সুফিয়ান (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ত্রিপুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সুফিয়ান ওই এলাকার মো. বুলু মিয়ার ছেলে।
পরিবার জানায়, সকালে বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রাখা পানিভর্তি একটি প্লাস্টিকের বালতির কাছে খেলছিল সুফিয়ান। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বালতির পানিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
মাত্র ১৮ মাস বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আদরের সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় শোকাহত প্রতিবেশীরাও।
নিহত শিশুর স্বজন রফিকুল ইসলাম বলেন, সুফিয়ান সবার খুব আদরের ছিল। চোখের পলকে এমন একটি দুর্ঘটনা ঘটে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। দ্রুত উদ্ধার করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। সামান্য অসাবধানতা কখনও কখনও অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)