বিপিএম-সেবা পদক পাচ্ছেন গোপালগঞ্জের পুলিশ সুপার
কর্মজীবনে পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-সেবা পাচ্ছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৪টি ক্যাটাগরিতে গোপালগঞ্জের পুলিশ সুপারসহ মোট ৯২ জন পুলিশ সদস্যকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।
১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ সরকার এই পদক প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়।
পুলিশ সুপারের এই পদকের খবরে তার সহকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পুলিশ সুপারের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পদক গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে জানান জেলা পুলিশ সিনিয়র একাধিক কর্মকর্তা।
পুলিশ সুপারের গৌরবময় এই অর্জন এবং উত্তরোত্তর সাফল্য কামনায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার সহকর্মীরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ