নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—নৈরাজ্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তিকে মোকাবিলার সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, যারা গণতন্ত্রের নীতি মানতে চায় না, আমরা আপামর জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজপথে মোকাবিলা করব। দেশের সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। সেই সামাজিক শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাই করব।
বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় শীর্ষ নেতারা।
আয়োজিত এই গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

হাফিজুর রহমান, টাঙ্গাইল (ধনবাড়ী-মধুপুর)