‘গুম-খুন করে পালিয়েছেন, হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে আসুন’
গুম, খুন ও নৈরাজ্যের দায় নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদেরকে হুংকার না দিয়ে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ক্ষমতাচ্যুতদের উদ্দেশ্যে তিনি বলেন, গুম-খুন করে পালিয়েছেন, হুংকার দিয়েন না; সাহস থাকলে এখনই দেশে আসুন। জনগণই আপনাদের বিচার করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের পাশের একটি যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারী শক্তি অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভয় দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ১৯৭১, ১৯৯০, ১৯৯৬ এবং সর্বশেষ ২০২৪ সালেও তারা একই চেষ্টা করেছে, কিন্তু জনস্রোতের সামনে কোনো হুংকার কাজে আসেনি।
দেশের মাটিতে হওয়া প্রতিটি গুম ও হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, যেসব মায়ের বুক খালি করা হয়েছে, তাদের বর্তমান আর্তনাদ এসে দেখে যান। অতীতে সংঘটিত প্রতিটি অপরাধের জন্য পইপই করে হিসাব দিতে হবে এবং আইনি জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ