অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার লাশ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ইসফাতুল ইসলাম জিসান (২৪)। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
পরে অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় তার হাত-পা বাঁধা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। নিহতের কপালে ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার