৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ার মিরপুর থানার বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) এ এইচ এম শফিকুল ইসলাম আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিনের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিতেন। এতে কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় যুবক রাজিব মরিয়া হয়ে উঠেন। এরপর ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীর বাড়িতে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কিশোরী যদি কাউকে না বলে তাহলে তাকে বিয়ে করবে বলে অঙ্গীকারও করেন রাজিব। পরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর বিয়ের কথা বললে আসামি তাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে রাজিবকে এজাহার নামীয় আসামি করে মামলা করে।
মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুরাদুল ইসলাম ৩০ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল মজিদ জানান, মিরপুর থানায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আসামী রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য ও শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ দেন আদালত।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া