আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিটি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশনায় আয়োজিত হয়।
বিকেলে উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়। এরপর এটি মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে তারা মাঠে ঐক্যবদ্ধ রয়েছেন এবং ভবিষ্যতেও রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বিএনপি নেতা আলামিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)