পুকুরে ডুবে পাকুন্দিয়ায় ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে পরস্পর মামাতো ও ফুফাতো বোন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে পাকুন্দিয়া পৌর এলাকার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পাকুন্দিয়া পৌর এলাকার আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের কন্যা নুসাইবা (২) এবং তার বোন মরিয়মের কন্যা আদিবা (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু নুসাইবা ও আদিবা বাড়ির আঙিনার পাশে একত্রে খেলাধুলা করছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে তারা দুজনই বাড়ির পাশে থাকা গভীর পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের অসাবধানতায় পানিতে ডুবে শিশু দুটির প্রাণহানি ঘটেছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ