সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ চারজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক ও কঠোর অবস্থানের মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বর্ডার আউটপোস্ট (বিওপি) সীমান্ত এলাকা দিয়ে ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী ও তিন পুরুষসহ মোট চারজনকে বাংলাদেশে পুশ ইন করানোর চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। বর্তমানে অনুপ্রবেশের অপেক্ষায় থাকা ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অবস্থান করছেন।
সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ও নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের সহযোগিতায় সার্বক্ষণিক নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ অবৈধভাবে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল, যা বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিহত করেছে। বর্তমানে শূন্যরেখায় থাকা ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডেই ফেরত পাঠাতে বিএসএফের সঙ্গে আলোচনা ও প্রচেষ্টা চলছে। সীমান্ত দিয়ে কোনো অবস্থাতেই কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সেলিম রেজা, নওগাঁ (পোরশা-সাপাহার)