রায়পুরায় ম্যারাথনের প্রস্তুতি, চার ক্যাটাগরিতে দৌড়াবেন হাজারও মানুষ
নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার পাশাপাশি এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগ থাকছে এবারের আয়োজনে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেস—এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদ ও তরুণ ক্রীড়াপ্রেমিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছরই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের ম্যারাথনের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক দৌড়বিদ অতিরিক্ত ফি দিয়েও ম্যারাথনে অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, ২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন এবং ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-এর বেশি। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
তাদের প্রত্যাশা, ধারাবাহিক এ আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)