নওগাঁয় বজ্রাঘাতে ৮ বছরের শিশু নিহত
নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও বজ্রাঘাত শুরু হয়। নিহত শিশু রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদের দাফনের জন্য তোর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত রোহান ইসলামের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদানদার প্রক্রিয়া চলমান রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ