ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে। চুরি হওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।
শিশুটির পরিবার জানায়, গত সোমবার প্রসব ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয় মরিয়মকে। পরদিন মঙ্গলবার দুপুরে একটি ছেলেসন্তান জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম ছেলেসন্তান হওয়ায় পরিবারটি অনেক খুশি ছিল। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা এক নারী রোগীর স্বজনের ছদ্মবেশ ধরে মরিয়ম ও তার মায়ের সাথে সম্পর্ক তৈরী করে। এর কিছুক্ষণ পর নবজাতক শিশুটির মায়ের ব্যথা অনুভব হলে ওই নারী সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেয়। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে শিশুটিকে নিয়ে ওই নারী পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হাসপাতালে এসে তদন্ত কাজ শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ভিকটিমের পরিবার ও আশপাশের লোকজনদের সাথে কথা বলেছি। হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্তসহ শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া