সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে জঙ্গল সলিমপুরের আলীনগরের পূর্ব পাশে বাহাদুর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন মো. রাসেল (৩০), মো. মোর্শেদ (২৮), মো. বাবু (২৫) ও মো. সাব্বির (৩২)। তাঁরা সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে একটি ৯ এমএম চীনা পিস্তল, নয় রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় একনলা বন্দুক, ছয়টি তাজা কার্তুজ এবং একটি দেশীয় টেটা উদ্ধার করা হয়। এছাড়া একটি চাপাতি ও একটি কাঁটাও জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিষয়ে এবং উদ্ধার করা অস্ত্র-গুলির বিস্তারিত জানাতে আজ শুক্রবার (৯ অক্টোবর) প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল পিপিএম (বার) এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে মো. জুনায়েত কাউছার বলেন, জঙ্গল সলিমপুরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবারের অভিযানে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। জঙ্গল সলিমপুরে এখন সাধারণ মানুষ নির্দ্বিধায় প্রবেশ করতে পারবেন। এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হয়েছে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)