ধানের গুদামে মিলল ১৯৮ বস্তা অবৈধ টিএসপি সার, গুদাম সিলগালা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ধান-চাল ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে একটি চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
সুমা খাতুন আরও জানান, আলমগীর হোসেন নামের এক ব্যক্তি ধান-চাল মজুতের জন্য গুদামটি ভাড়া নিয়েছিলেন। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)