রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২ ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন
২০ হাজার যন্ত্রপাতি যুক্ত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এএসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের প্রথম প্রকল্প হিসেবে রূপপুরে বাস্তবায়ন করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)।
আধুনিক এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নিরাপদ ও দক্ষ পরিচালনায় যুক্ত হচ্ছে ২০ হাজার যন্ত্রপাতি, প্রথম ইউনিটে চালু অপারেটর সহায়ক ব্যবস্থা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এই ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এ সব ব্যবস্থার মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রের পরিচালনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করা সহজ হবে।
এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এই ব্যবস্থা তৈরি করছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং এটি স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র আরও জানায়, ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে সহায়তা করে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে ৮০টিরও বেশি নির্দেশক বিবেচনায় নিয়ে অপারেটরদের প্রয়োজনীয় পরামর্শ দেয়। জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে এটি অপারেটরদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলায় সহায়তা করবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্পই নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি আমাদের একটি অগ্রণী প্রকল্প। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।’
রোসাটমের মহাপরিচালক আরও বলেন, এই ব্যবস্থা বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাসে সহায়তা করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেশন থ্রি প্লাস (জেনারেশন ৩+) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপন করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা