শনিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি দুই জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্রজনতার সংগ্রাম পরিষদ। নতুন নামে নতুন সংগঠনের ব্যানারে আজ বৃস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ অবরোধের ডাক দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ঊষাতন চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার সব যাবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে জানানো হয়। অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি