পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ২৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ইতোমধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গত শনিবার বিকেলে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত তিন পুলিশ সদস্য আহত হন।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং পুলিশের ওপর হামলার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ