ময়মনসিংহে লুট করা নির্মাণসামগ্রীসহ গ্রেপ্তার ৮
ময়মনসিংহের ত্রিশালে একটি কনস্ট্রাকশন কোম্পানির সংরক্ষণাগার থেকে নির্মাণসামগ্রী লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত এমএস পাইপ, স্টিল শাটার, দুটি ট্রাক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর গভীর রাতে ত্রিশাল উপজেলার বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের’ বাউন্ডারির ভেতরে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এ সময় তারা গুদাম বা সংরক্ষণাগার থেকে এমএস পাইপ ও স্টিল শাটার ট্রাকে বোঝাই করে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ৩ অক্টোবর প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) মো. মোখছেদুর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় একটি ডাকাতি মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়াণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- জামালপুরের মো. সৈকত ওরফে সাখাওয়াত (২৪), বরিশালের মো. বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের মাসুদ মিয়া (৩৫), ঠাকুরগাঁওয়ের মো. ফরিদ হোসেনসহ (৪৫) মোট আটজন।

আইয়ুব আলী, ময়মনসিংহ