জনসেবা বেগবান করতে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত
সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে জনসেবা আরও বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি’ বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি অফিসগুলোতে সুশাসন প্রতিষ্ঠা এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর মনিটরিং ও মূল্যায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়।
একইসঙ্গে বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের পলিসি অনুযায়ী সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর মনিটরিং ও মূল্যায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সহজীকরণ ও মধ্যমেয়াদী বাজেট কাঠামো সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নং নির্দেশনার আলোকে সরকারি অফিসসমূহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করার উদ্দেশ্যে কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক