কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ওষুধ-গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার (১ নভেম্বর) তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক সুরুজ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড় ও উত্তর ধলডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ ছাড়া গাঁজা পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)