রেকিট বেনকিজারের দাম বাড়ায় সংবেদনশীল তথ্য নেই
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজারের শেয়ারের সাম্প্রতিক সময়ের দাম বাড়ার পেছনে কোনো কারণ নেই। এ শেয়ারের দাম বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এর দাম বাড়ায় অপ্রকাশিত সংবেদনশীল কোনো তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৬৫৩ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৯১৫ টাকা ৪০ পয়সা। আজ এর দাম কমেছে ২০ টাকা ৭০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে এক হাজার ৮৫০ টাকায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় এক হাজার ৮২৬ টাকা ৩০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৭ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৪ টাকা ৭৫ পয়সা।

অর্থনীতি ডেস্ক