ডেপুটি গভর্নর পদে তিন প্রার্থীর নাম সুপারিশ
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের জন্য তিন প্রার্থীর নাম সুপারিশ করেছে সার্চ কমিটি।
গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকে এক বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান আহমদ এ কথা জানান।
খলীকুজ্জমান বলেন, ‘আজ (রোববার) আমাদের শেষ বৈঠক ছিল। ডেপুটি গভর্নর পদে আবেদনকারীদের মধ্যে প্রাথমিক বাছাইকৃত ২১ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ জন। তিনজন আসেননি। যাঁরা এসেছেন, তাঁদের সাক্ষাৎকার ও তথ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে যে তিনজনকে উত্তম মনে হয়েছে, তাঁদের নাম সুপারিশ করেছি। এখন সরকার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। তবে নিয়োগের আগে এনএসআইর মাধ্যমে তাঁদের ব্যাপারে তদন্ত করা হবে।’
সুপারিশকৃতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন খলীকুজ্জমান।
গত ৫ ফেব্রুয়ারি হ্যাকাররা সুইফট নিয়ন্ত্রণে নিয়ে বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এর প্রায় এক মাস পর ফিলিপাইনের দৈনিক পত্রিকা ইনকোয়্যারারে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে রিজার্ভ চুরির বিষয়টি ফাঁস হয়। ঘটনার জের ধরে গভর্নর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ড. আতিউর রহমান। এর পর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে ডেপুটি গভর্নরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য কাজী খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন গভর্নর ফজলে কবির, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোকুলচাঁদ দাস।
কমিটি গত মার্চের শেষের দিকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। গত ১৩ এপ্রিল পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত সময়ে ৬০টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে বাছাই করে ২১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এর মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, মাহফুজুর রহমান, আবদুল হক, কাজী নাসির আহমেদ এবং বর্তমানে নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, আবদুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, বিষ্ণুপদ সাহা, মিজানুর রহমান জোয়ার্দার, সাইফুল ইসলাম, হুমায়ূন কবির, আহমেদ জামাল ও মো. নাসির উদ্দিন।
এ ছাড়া ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি খলিলুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, রাকাবের ডিএমডি আবদুল খালেক খান, বিডিবিএলের ডিএমডি আফজালুল বাশার ও একমাত্র নারী প্রার্থী উত্তরা ব্যাংকের ডিএমডি সাবেরা আক্তার জামাল।

নিজস্ব সংবাদদাতা