গ্রিন ফ্যাক্টরি হ্যামস গার্মেন্টসকে বিজিএমইএর বিশেষ সংবর্ধনা
বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিজিএমইএ ও হ্যামস গার্মেন্টস যৌথ উদ্যোগে উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান।
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান তার বক্তব্যে বলেন, হ্যামস গার্মেন্টস ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি কেবল একটি সংখ্যার বিচার নয়, বরং এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর। তিনি বলেন, এই সাফল্য সারা বিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে।
এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক এ বি এম সামছুদ্দিন, পরিচালক ফারুক হাসান, হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান, ইউএসজিবিসির কনসালটেন্ট অনন্ত আহমেদ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) ইনটেরিম কমিটির কনভেনর প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং হ্যামস গার্মেন্টসের পরিচালক ও উচ্চ পদস্ত কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ১১০ এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে করেছে। একইসঙ্গে তিনি কারখানার পরিবেশবান্ধব রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের প্রাপ্যতা আরও সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিজিএমইএর পরিচালক ফারুক হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না।
অনুষ্ঠানে ইউএসজিবিসির কনসালটেন্ট এবং ৩৬০ টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এ অর্জনের কারিগরি দিকগুলো তুলে ধরেন । তিনি বলেন, বাংলাদেশ শুধু যে সাসটেইনিবিলিটির পথে এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তা নয়, বরং নতুন বৈশ্বিক বেঞ্চমার্ক তৈরি করছে।
বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।
হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান তার বক্তব্যে কারখানার সাকসেস স্টোরি তুলে ধরেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, বিজিএমইএর বর্তমান পর্ষদ যেভাবে শিল্পের প্রতিটি অর্জনকে মূল্যায়ন করছে এবং বিশ্ব দরবারে তুলে ধরছে, তা সত্যিই প্রশংসনীয়। বিজিএমইএর এই সংবর্ধনা প্রদানের উদ্যোগ শিল্পমালিকদের টেকসই শিল্পায়নের পথে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

নিজস্ব প্রতিবেদক