ঢাবিতে নীল দলের প্রার্থী ঘোষণা, অংশ নিচ্ছে না সাদা দল
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। অন্যদিকে, করোনাভাইরাসের কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভার মাধ্যমে ইলেকশনে যাওয়ার প্যানেল ঘোষণা করেছে নীল দল। একই সময় সংবাদ সম্মেলন করে এই নির্বাচন বর্জন করেছে সাদা দল।
নীল দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদে অধ্যাপক ড. রহমত উল্লাহ (আইন বিভাগ), সহসভাপতি পদে অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (অণুজীব বিজ্ঞান বিভাগ), সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট), যুগ্ম সম্পাদক ড. মো. আবদুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো.আকরাম হোসেন (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ)।
এ ছাড়া সদস্য পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. জিয়া রহমান (ক্রিমিনোলজি বিভাগ), অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ), অধ্যাপক সাদেকা হালিম (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ (পদার্থ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), অধ্যাপক ড. মো. আমজাদ আলী (ইতিহাস বিভাগ), অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার (গণিত বিভাগ), অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ), অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ (ওষুধ প্রযুক্তি বিভাগ) ও অধ্যাপক নিসার হোসেন (অংকন ও চিত্রায়ন বিভাগ)।
সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলেছি। কারণ ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম এখনও সচল হয়নি সরাসরিভাবে। অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষকদের বড় একটি অংশ ক্যাম্পাসের বাইরে থাকেন। তাদের ক্যাম্পাসে এনে স্বাস্থ্যঝুঁকিতে আমরা ফেলতে চাই না। যেখানে ডাকসু ইলেকশন বন্ধ রয়েছে, সেখানে শিক্ষক সমিতির ইলেকশন করা যৌক্তিক মনে করছে না সাদা দল।’
আগামী ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিচালকের দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন ভূইয়া।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা