ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টার পর থেকেই টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ের দিকে যায় এবং শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এতে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ওই ছাত্রীর সহপাঠীরা জানান, গতকাল রোববার ক্লাস শেষে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে শ্যাওড়ায় এক বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। ভুল করে এর আগের কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। ওই সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার একপর্যায়ে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে। এরপর তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে তাঁকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীকে শারীরিকভাবেও নির্যাতন করা হয় বলেও জানান তাঁরা।
পরে ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই শ্যাওড়ায় তাঁর বান্ধবীর বাসায় চলে যান। সেখান থেকে আরো সহপাঠীদের জানানোর পর তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাতেই ঢামেক হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানীসহ কয়েকজন শিক্ষক এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা ধর্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এরপর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশও করে নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
রাতে একই সময় ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টার পর থেকেই টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এ ছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
‘আর কত ধর্ষণের ঘটনা ঘটলে টনক নড়বে?’, ‘চিৎকার কানে পৌঁছাবে কবে?’, ‘বিবেক এবার ঘোমটা খোলো’ এমন নানা বক্তব্য ও স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক