জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যপার্বণ শুরু
‘রোদ্রস্নাত দিনে হোক নব সূর্যের নির্মাণ’- স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের ছয় দিনব্যাপী নাট্যপার্বণ-২০১৭ শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় নাট্যাচার্য প্রয়াত অধ্যাপক সেলিম আল দীনের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পার্বণের উদ্বোধন ঘোষণা করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত হয় শোভাযাত্রা।
নাট্যপার্বণের প্রথমদিন সমন্বয় থিয়েটারের প্রযোজনায় আজ মঞ্চস্থ হবে নাটক ‘সোনার মেডেল’। দ্বিতীয় দিন আগামীকাল সোমবার জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ম্যাসাকার’।
তৃতীয় দিন মঙ্গলবার অন্বেষা থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ভানু সুন্দরী’। চতুর্থ দিন বুধবার তীরন্দাজ রেপারেটরির প্রযোজনায় থাকছে নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। পঞ্চম দিন বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘বাজাও পাঞ্চজন্যা’।
অনুষ্ঠানের সমাপনী দিন শুক্রবার থাকছে মনিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ইঙাল আঁধার পালা’।
এ ছাড়া এ দিন গুণীজন ও নাট্যজন সম্মাননা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটকগুলো মঞ্চস্থ হবে।

জাবি সংবাদদাতা