১৩ বছর পর রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচন কাল
দীর্ঘ ১৩ বছর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্রদল মনোনীত দুটি প্যানেলে ১৭টি পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে অতিরিক্ত একজন করে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বহু প্রতীক্ষিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চলছে জোর প্রচারণা।
নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাওসার আকন্দ ও তানজীদুল রশিদ চৌধুরী রিয়ান।
অপরদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি ও জিএস পদে যথাক্রমে মো. খায়রুল ইসলাম ও ইশতিয়াক রশীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে এর মধ্যে ছাত্রী মিলনায়তন সম্পাদক পদে ছাত্রলীগ মনোনীত শামীমা আক্তার সন্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশারফ আলী জানান, কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ হীরক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। মোট ২৫ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী ভোট দেবেন।
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শিক্ষার্থীরা (ভোটার) পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।
এর আগে সর্বশেষ ২০০৩ সালে সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সঞ্জিব দাস, ফরিদপুর