বিতর্কে সেরা ড্যাফোডিল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব
‘এসএসজি নবম স্ট্যামফোর্ড ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের এবারের আসর জিতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। রানার্স আপ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এ ছাড়া কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ।
গত মঙ্গলবার ওই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত হয়েছে ওই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের আসরের স্লোগান হচ্ছে, 'নববিশ্ব নবপ্রাণ গাইবে আবার সাম্য অসাম্প্রদায়িকতার গান। '
ওই আয়োজনে ৩২টি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক দল অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, ‘একটি দেশ তখনি স্বয়ংসম্পূর্ণ হয় যখন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলামের দিক দিয়ে অধিকতর মনোযোগী হয়, যেটি নিজেকে নিয়ে ভাবতে শেখায়, চিন্তাভাবনার পরিবর্তন আনে আর বিতর্ক সেই পথটাই সুগম করে দেয়।’ সাবেক এই বিতার্কিক বিতর্ক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম ফিরোজ আহমেদ। তিনি পেশাগত ও বাস্তবজীবনে বিতর্কের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সুপারস্টার গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান গোলাম আযম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, সদস্য রুমানা হক রীতা এবং ড. ফারহানাজ ফিরোজ। তাঁরা এসডিএফএর এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। সবসময়ের মতো ভবিষ্যতেও তারা এসডিএফকে সহযোগিতার আশ্বাস দেন।
স্ট্যামফোর্ড ডিবেট ফেডারেশনের (এসডিএফ) ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সোহান মোহাইমিনুল ও সেক্রেটারি হিসেবে সোনিয়া আক্তার শান্তাকে নির্বাচিত করা হয়। এ ছাড়া সাবেক বিতার্কিকদের আজীবন সম্মাননা প্রদান করা হয়। আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন এসডিএফের চিফ কো-অর্ডিনেটর আল মামুন ও শুভেচ্ছা বক্তব্য দেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মিরাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক